জেলা প্রতিনিধি, গাজীপুর
মঙ্গলবার (২৪ নভেম্বর), দুপুর ২টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার ইসলাম গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভোগরা বাইপাস, চৌরাস্তা, গাজীপুরা ও বড়বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭০টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।”