নিউজ ডেস্ক
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) দুপুর ২টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। দুবাই থেকে আসা ফ্লাইদুবাই-এর এফজেড৫০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার লাগেজ স্ক্যান করে এবং শারীরিক তল্লাশিতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যাত্রী নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
সিআইআইডি আরও জানায়, জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।