মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর), রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার (১৩ নভেম্বর) জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগানো প্রয়োজন। শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে বক্তারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।