নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৫১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপিকেও সতর্ক করে দলের শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান।
সারজিস আলম তার পোস্টে অভিযোগ করেন, দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেরোরিজম চালাচ্ছে পলাতক আওয়ামী লীগ। তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে দলটি। সারজিস বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।’
বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন; তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনও পরিবর্তন আসবে? যদি আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে খুব শিগগিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে। এ ক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!’
আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!
সারজিস আলম আরও বলেন, দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য প্রতিষ্ঠা না করলে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে। তিনি মনে করেন, দলের তৃণমূল ও স্থানীয় পর্যায়ের নেতাদের নিয়ন্ত্রণ করতে না পারলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের মাশুল দিতে হতে পারে।