উপজেলা সংবাদদাতা
শনিবার (২৬ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। খাবার না পেয়ে অনাহারে থাকা বাবাকে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিজের হাতে চা-রুটি খাইয়ে দেয় তার অবুঝ শিশুসন্তান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলার বামরাইল বাজারের একটি দোকানে শুক্রবার গভীর রাতে চুরির চেষ্টার অভিযোগে অনিককে ধরে স্থানীয়রা খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সারারাত আটকে রাখায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে খবর পেয়ে তার শিশুসন্তান ঘটনাস্থলে পৌঁছায় এবং বাবাকে খাবার খাইয়ে দেয়।
ভিডিওতে দেখা যায়, অনিকের হাত খুঁটিতে বাঁধা অবস্থায় রয়েছে এবং চারপাশে উৎসুক জনতার ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে প্রশ্ন তোলেন, অপরাধের বিচারের নামে এভাবে জনসম্মুখে অমানবিক নির্যাতনের অধিকার কারো নেই।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে মুক্তি দেয়। স্থানীয় এক যুবকের ধারণ করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা উৎসুক জনতার ভূমিকারও সমালোচনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে ছেড়ে দেয়।”