রাজু মিয়া, লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি
শনিবার (২১ নভেম্বর), দুপুর ১২টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে চক্রের তিন সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চক্রের মূল হোতা জসিম উদ্দিনসহ আরও দুজন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে। এলাকাবাসীর অভিযোগ, হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার জোসনার বাজারের বাসিন্দা জসিম উদ্দিন এই চোর চক্রের নেতৃত্ব দেন। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চুরির একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চক্রের অন্য পলাতক সদস্য মামুন কালীগঞ্জ উপজেলার শাখাতী এলাকার বাট্টুর শ্যালক হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমার চুরির এই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে। পলাতক ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাবাসীর হাতে আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।