মামুন রণবীর।
নেত্রকোণা জেলা প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধকল্পে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ চারুয়াপাড়া বিওপি এবং বিজয়পুর বিওপি, পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে পাঁচটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
রবিবার (২৯ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারুয়াপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৪২/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গছুয়াপাড়া নামক স্থানে বিজিবি, পুলিশ এবং আনসার এর সমন্বয়ে রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চারটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে চার মানব পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মানব পাচারকারীরা হলেন, চারুয়াপাড়ার গোবরচুনা গ্রামের মোঃ রুবেল হোসেন, এনামুল হক(৩৩), মোঃ আনোয়ার হোসেন(৩০) এবং মোঃ আজহারুল ইসলাম(২৭)।
একই দিন বিজয়পুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৪৯/এমপি হতে আনুমানিক ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া নামক স্থানে বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে জগতকুড়া গ্রামের মানব পাচারকারী মোঃ হারুন মিয়াকে (৪২) আটক করা হয়। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা রয়েছে।
বিজিবি জানায়, চারুয়াপাড়া বিওপি কর্তৃক আটককৃত মানব পাচারকারী চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপি কর্তৃক আটককৃত একজনকে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর হয়েছে। এই পাঁচ মানবপাচারকারী চোরাচালানের সাথেও জড়িত রয়েছে।
৩১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।