জাবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রজাপতি বিষয়ক প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পাপেট শো, ঘুড়ি ওড়ানোসহ নানা আয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রকৃতি সংরক্ষণ মানুষের জীবন সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রত্যেককে ব্যক্তিগত পর্যায় থেকে সচেতনতা ও আচরণে পরিবর্তন আনতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখতে চান।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, পরাগায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত ১৬ বছর ধরে মেলার মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা চলছে। নগরায়ণ ও উন্নয়ন কর্মকাণ্ডে ঝোপঝাড় ও গাছপালা কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রজাপতির সংখ্যা কমেছে। প্রজাপতি সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, মেলার দীর্ঘদিনের আয়োজনের স্বীকৃতিস্বরূপ গত মাসে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কপিরাইট সনদ পেয়েছে। প্রজাপতির আবাসস্থল সংরক্ষণে ক্যাম্পাসের সবুজ পরিবেশ রক্ষার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।
মেলায় দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট দর্শনের আয়োজন ছিল। শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি পাপেট শো, অরিগ্যামি এবং প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়। বিকেলে বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন।