উপজেলা প্রতিনিধি
শুক্রবার (২৭ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৯) নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ছোট ভাই নবীনুরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লার ছেলে। স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের কাছ থেকে নবীনুরকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটকের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।