সংবাদদাতা, ছাতক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা ৪৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে খাল খননের সময় হানিফা বেগমের কাছে থাকা দেড় হাজার টাকা জামাল উদ্দিন নিয়ে নেয়। টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামাল উদ্দিন টেটা দিয়ে হানিফা বেগমকে উপর্যুপরি আঘাত করে।
গুরুতর আহত হানিফা বেগমকে স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত জামাল উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন, “পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”