নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত এক দশকের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর অঙ্গরাজ্যটিতে এই ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়ে মান্ডি বুড নামের এক ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন বুড জানান, তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইট (৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছেছিল। বর্তমানে তিনি ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করছেন।
আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা। ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এসে এমন রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করছে, যা মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। মূলত আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা যখন মানুষকে কামড়ায়, তখনই ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে এই ভাইরাস শনাক্ত হয়নি। ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা এবং এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত অধিকাংশ মানুষের শরীরে কোনো উপসর্গ দেখা না গেলেও, প্রায় এক শতাংশ মানুষের ক্ষেত্রে এটি মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে।