মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), রাত ৮টা ৫২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা। সরকারি এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করতে তথ্য ফরম পূরণ করা হচ্ছে। তবে স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে স্বচ্ছতার ভিত্তিতে কার্ড বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি যোগ্য পরিবারকে একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর দেওয়া হবে, যা ‘ওয়ান-আইডি’ হিসেবে পরিচিত। এই আইডি ভবিষ্যতে পরিবারের কেন্দ্রীয় পরিচিতি হিসেবে ব্যবহৃত হবে এবং জাতীয় স্বার্থে অনুমোদিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো তথ্য যাচাইয়ে তা ব্যবহারের সুযোগ পাবে।
নীতিমালা অনুযায়ী, ইচ্ছেমতো কাউকে এ সুবিধা দেওয়ার সুযোগ নেই। আবেদনকারীর তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ড, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয় ও বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করা হবে। এছাড়া তথ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, যাতে জালিয়াতি বা তথ্যে অসঙ্গতি থাকলে তা সহজেই শনাক্ত করা যায়।
ফ্যামিলি কার্ডের মনোনীত নারী পরিবারপ্রধান একই সময়ে অন্য কোনো সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক বা খাদ্য সহায়তা নিতে পারবেন না। আগে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতার মতো সুবিধা গ্রহণ করলে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাই করে আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে। তবে নারী পরিবারপ্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়মে সরকারি সুবিধা পাবেন।