মোঃ মাহাবুল ইসলাম অভি / গাজীপুর প্রতিনিধি
বুধবার (২৫ নভেম্বর ২০২৬), দুপুর ২টা ০১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ার পর কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে সংশ্লিষ্ট শ্রমিক মোছাঃ দিলরুবা আক্তার মিলি থানায় সশরীরে উপস্থিত হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কারখানায় প্রবেশের সময় কিছু বহিরাগত ব্যক্তি শ্রমিকদের বাধা দেন। এ সময় ধাক্কাধাক্কিতে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর ও অন্তঃসত্ত্বা শ্রমিক দিলরুবা আক্তার মিলি সামান্য আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
পরবর্তীতে ওই নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন ব্যক্তি জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বরাতে পুলিশ জানায়, আহত শ্রমিক দিলরুবা বর্তমানে সুস্থ অবস্থায় নিজ বাসায় অবস্থান করছেন। তিনি নিজেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতা নিশ্চিত করেন এবং ঘটনার বিবরণ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস. এম. শফিকুল ইসলাম বলেন, “আহত শ্রমিক দিলরুবা আক্তার মিলি থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
—
⚠️ এই সাবমিশনে একটি ভিডিও সংযুক্ত ছিল যা স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়নি। ম্যানুয়ালি দেখুন: https://prod-fillout-oregon-s3.s3.us-west-2.amazonaws.com/orgid-769670/flowpublicid-o9jAnmXAdqus/47af584c-85f0-4507-ae93-f40f1895b9a7-KwUCmZN3jpHbE9AbYIAz9lo84nxJZtHx4vfXD4vesKbHSStyshpEDS90TV5XpVJeIMoaM57Tu5thrOHgjHpS4kDmO7H2ZVXDjvR/WhatsApp-Video-2026-11-24-at-11.06.07-PM.mp4