অভয়নগর (যশোর) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি – ৬। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজটি জব্দ করা হয়।
অভিযানে চলা কালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফুর রহমান এবং এসআরবি-৬-এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন,জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গম ও কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় জাহাজের দুই সুকানিসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গম ও জাহাজটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।