নিউজ ডেস্ক
শুক্রবার (২৭ নভেম্বর) ২০২৬, রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে অন্তত ১৫ নারীকে বিয়ের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ঢাকায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
প্রতারণার অভিনব কৌশল
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চেন ইয়ং টিকটকে কিশোরী ও নারীদের সঙ্গে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর স্ট্যাম্পে ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ের প্রলোভনে তাদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করতেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী একাধিক নারী ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে একই অভিযোগ করেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, “শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।