ফরিদপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরে গ্যারেজে বসে মাদক সেবনের সময় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০)। তিনি ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক।
জানা গেছে, সম্প্রতি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে শহরের গুহ লক্ষ্মীপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় রতন ঢালীর রিকশা গ্যারেজ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ শাহরিয়ার আহমেদ খান নিজামিকে আটক করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, “ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।