যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ২০টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৭টি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে— গত বছর ১৩টি থেকে নেমে এসেছে ৫টিতে।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও নড়াইল জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
মেহেরপুরের গাংনীর বিএন কলেজে ১১ জন, খুলনার ডুমুরিয়া মডেল কলেজে ১ জন, পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে ৫ জন এবং তেরখাদার আদর্শ শিক্ষা নিকেতনে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন।
মাগুরা জেলার চারটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৩২ জন, বাগেরহাটের গোপালপুর কলেজের ১৮ জন, সাতক্ষীরার তিন কলেজের ২০ জন, যশোরের চার কলেজের ৫০ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহের দুটি কলেজের ১৯ জন এবং নড়াইলের একটি প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীও ফেল করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফল বৈষম্য স্পষ্ট। শিক্ষা বোর্ড জানিয়েছে, অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।