বেতন দশম গ্রেডে উন্নীতসহ তিন দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সন্ধ্যায় শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দেয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ। ওই সময় লাঠিপেটা, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি ছোড়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
শিক্ষকরা সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বিকেলে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাত্রা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন এবং দু’জনকে পুলিশ আটক করেছে।”
তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ বাধা দেয়। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে মিছিল ছত্রভঙ্গ করা হয়।”
শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।