বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা বন্ধ রাখাকে সরকারি আচরণবিধি লঙ্ঘন বলে সতর্ক করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট শিক্ষকরা শাস্তির মুখোমুখি হবেন।
সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বন্ধ রাখা সরকারি চাকরিবিধি ভঙ্গের শামিল এবং সরকার এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ও অভিভাবকদের চাপ কমানো জরুরি।
ড. আবরার দাবি করেন, শিক্ষকদের নবম গ্রেডে উঠার দাবি অযৌক্তিক ও চাকরির শর্তবহির্ভূত। তিনি বলেন, “নবম গ্রেডে সাধারণত বিসিএস অ্যাডমিন ক্যাডাররা আসেন; এটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। তাই হঠাৎ করে কেউ এই পদে যেতে পারেন না।”
তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রেখে “অস্ত্র হিসেবে” ব্যবহার করছেন, যা একজন শিক্ষকের জন্য অনৈতিক আচরণ। উপদেষ্টা আরও বলেন, যদি তারা পরদিন থেকেই পরীক্ষা গ্রহণ না করেন, তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।