মোঃ আলমগীর হোসেন রানা, চকরিয়া ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর দারুল হিকমা একাডেমিতে তিনতলা ভবন থেকে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র আরিয়ান গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ( ০৪ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনার পরপরই তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা এখনো সংকটজনক।
পরিবার জানায়, ক্লাস চলার সময়ই কোনোভাবে আরিয়ান ভবনের ছাঁদে উঠে যায়। কীভাবে সে সেখানে গেল বা ছাঁদে প্রবেশ বন্ধ রাখতে কোনো ব্যবস্থা ছিল কি না—প্রতিষ্ঠান এখনো সেসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। আরিয়ানের পরিবারের অভিযোগ, একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হয়েও দারুল হিকমা একাডেমিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো ন্যূনতম ব্যবস্থা ছিল না। তারা মনে করেন, নজরদারি ও সুরক্ষা ঠিক থাকলে এমন ঘটনার সুযোগ থাকত না।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন—শিশুর এমন ভয়াবহ দুর্ঘটনার দায়ভার নেবে কে? প্রতিষ্ঠানের অবহেলা, নাকি নির্দিষ্ট কারও দায়িত্বহীনতা—এটা তদন্তের মাধ্যমে বের করা দরকার বলছেন অভিভাবকরা।
এই ঘটনার পর এলাকায় শোকের সঙ্গে ক্ষোভও দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা, ছাঁদ ও সংবেদনশীল জায়গাগুলোতে বাধা ও নজরদারি জোরদারের দাবি উঠেছে জোরালোভাবে।
আরিয়ানের পরিবার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছে এবং ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।