ময়মনসিংহ, ৭ ডিসেম্বর ২০২৫: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কাতর্কির জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল প্রশাসন ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ’ করায় তাঁকে শোকজ নোটিশও দিয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান এই সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।
অভিযুক্ত চিকিৎসক হলেন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. ধনদেব চন্দ্র বর্মণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে ডিজি মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে যান। ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনের সময় টেবিল থাকার কারণ জানতে চাইলে ডা. ধনদেব চন্দ্র বর্মণ উত্তর দিতে গেলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
ডা. ধনদেব বর্মণ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা ডিজিকে জানালে তিনি রেগে যান এবং রোগী ও ডাক্তারদের সামনে তার সঙ্গে ‘যাচ্ছেতাই ব্যবহার’ করা হয়েছে। তিনি ডিজির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি আরও জানান, শোকজ নোটিশ পাওয়ার পর তিনি আর চাকরি করবেন না এবং দু-এক দিনের মধ্যে ‘নিজে থেকেই চলে যাবেন’।
ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তিনি ২০২৩ সালের আগস্ট মাস থেকে হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি বছরের জুলাই মাসে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।