পঞ্চগড় প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ও অবৈধ ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে পঞ্চগড়ে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত চিকিৎসকের নাম সত্যেন্দ্রনাথ রায়।
একই সঙ্গে তার গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল-এর গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের অধিকাংশেরই কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং পণ্যের গায়ে মূল্য উল্লেখও ছিল না। এছাড়া মসলা জাতীয় একটি পণ্য—হলুদের গুঁড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়।
এছাড়াও বিভিন্ন অনিয়ম ও ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ওষুধ হিসেবে প্রচার ও বিক্রি করে আসছেন। তার নেতৃত্বে একটি বড় চক্র এসব পণ্যকে সব রোগের কার্যকরী ওষুধ হিসেবে প্রচার করে অধিক মূল্যে বিক্রি করছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা বলেন,এই পণ্যগুলোকে ওষুধ হিসেবে প্রচারের কোনো সুযোগ নেই। অভিযানের সময় আমরা পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণ পাইনি। কর্তৃপক্ষকে খুব দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য সময় দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত তাদের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেওয়া হয়েছে। পণ্যের মান যাচাইয়ের জন্য কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।