টেলিগ্রাফ রিপোর্ট | দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকার ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা এসেছে। রোববার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এক বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে এই নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। এর ফলে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ সাতটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান এখন থেকে এই নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জরুরি পরিস্থিতি বিবেচনা করে সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই পদক্ষেপ নিয়েছেন। সোমবার থেকেই এই অধ্যাদেশ কার্যকর বলে গণ্য করা হচ্ছে।
নতুন এই বিশ্ববিদ্যালয় গঠনের ফলে কলেজগুলোর নিজস্ব সত্তা বিলীন হবে কি না-এমন শঙ্কা ছিল অনেকের মনে। তবে অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে যে, সংযুক্ত সাতটি কলেজের নাম, ঐতিহ্য এবং বিদ্যমান স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা আগের মতোই বজায় থাকবে। নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত সাময়িকভাবে ভাড়া করা ভবন বা উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর প্রধান দায়িত্ব হবে শিক্ষাদান, পাঠ্যক্রম প্রণয়ন, উচ্চতর গবেষণা এবং সনদ প্রদান করা। রাষ্ট্রপতি পদাধিকারবলে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি শক্তিশালী নীতিনির্ধারণী কাঠামো গড়ে তোলা হয়েছে, যার মধ্যে সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল অন্তর্ভুক্ত। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে একটি আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাও এই অধ্যাদেশের অংশ হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর এই সাতটি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়েছিল। তারও আগে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারকে এই কলেজগুলোকে নিয়ে আলাদা একটি সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে সেই সুপারিশ আজ বাস্তব রূপ পেল।
ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারকি করবে। বিশ্ববিদ্যালয়টি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে বলে অধ্যাদেশে জানানো হয়েছে।