নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাক্তাররা ড্রেনে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের নেতৃত্বে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ডাক্তার তরিকুল ইসলাম, ডাক্তার মিলন হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডাক্তাররা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।