দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোবিপ্রবি সংবাবদাতা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত দীপা দাস বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। সহপাঠীদের ধারণা, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের ঘোনাপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, ওইদিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছু সময় পর তার স্বামী বাড়ির দারোয়ানকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দীপা দাসের সহপাঠী, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, ‘তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।’
আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, ‘দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।’
এদিকে, দীপা দাসের মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্য ও তার স্বামীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।