মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতির ইতিহাসে এক কালো অধ্যায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে এক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে শোকাবহ পরিবেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মানিকগঞ্জ জেলা ইউনিট। তিনি তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “এই দিনটি আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়, যা কখনো ভোলার নয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোশারফ হোসেন, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি দেবেন্দ্র কলেজ। তিনি বলেন, “২৫ মার্চ শুধু একটি দিন নয়, এটি বাঙালি জাতির শোক ও প্রতিজ্ঞার প্রতীক। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান, আহ্বায়ক, ২৫ মার্চ উদযাপন কমিটি। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের ইতিহাস। ২৫ মার্চের গণহত্যা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে কলেজের সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, রোভার স্কাউটস, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি ইউনিটের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও দেবেন্দ্র কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হলে সত্য ইতিহাস জানাতে হবে এবং শহীদদের আত্মত্যাগকে সর্বদা স্মরণ রাখতে হবে।আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।