মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের গার্লস গাইড দল তৃতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গার্লস গাইড দল শৃঙ্খলা, কৌশল ও মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তাদের এই অর্জন প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিজয়ী গার্লস গাইড দলকে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান বলেন, “আমাদের গার্লস গাইড দলের এই সাফল্য অত্যন্ত গর্বের। তারা কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল এনে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।