ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি জানান, শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিগগিরই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
এর আগে রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হচ্ছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ড—সাধারণ, মাদরাসা ও কারিগরি—সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।