আব্দুল্যাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বর্ণিল আয়োজন, আনন্দঘন পরিবেশ এবং বাঙালির ঐতিহ্যের ছোঁয়ায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতপুর বাজার সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদ সম্পাদক মো. রেজাউল করিম খানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও কলেজ ছাত্রদল, রিপোর্টার্স ইউনিটি, আবৃত্তি সংগঠন ‘৫২’ এবং কলেজ থিয়েটারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল নান্দনিক প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী প্রতীকী উপকরণ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রা শেষে কলেজ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়।
এদিকে বিভিন্ন বিভাগের উদ্যোগে সাজানো স্টল ও সৃজনশীল ব্যানার ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ। বৈচিত্র্যময় সাজসজ্জায় পুরো ক্যাম্পাস যেন এক টুকরো বাংলাদেশের রূপ ধারণ করে।
সার্বিকভাবে, দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষক-সকলের মাঝে নববর্ষের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।