যবিপ্রবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি আবাসিক ছাত্রী হলে খাবার খাওয়ার পর ৭০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, যেখানে সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তারিক হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের উপসর্গ প্রায় একই ধরনের। তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) রাতে হলের ডাইনিংয়ে ভাত, মাংস, ভর্তা ও ডাল খাওয়ার পরই এই অসুস্থতার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা গেছে। অনেকের শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ায় দ্রুত দুর্বল হয়ে পড়ছেন তারা। কয়েকজন শিক্ষার্থীর অবস্থা জটিল হওয়ায় তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, ওই রাতে বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে প্রায় ১৬৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। এর মধ্যে ৭০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন। ভোর ৪টা থেকে তাদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে এবং সকালে একে একে তারা চিকিৎসা নিতে আসেন। যারা ডাল খাননি, তাদের মধ্যে অসুস্থতার হার তুলনামূলক কম বলে জানা গেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ডাইনিংয়ের খাবারের মান ও পরিবেশ নিয়ে নানা অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, দুপুরের রান্না করা খাবার রাতে গরম করে পরিবেশন করা হয় এবং অনেক সময় খাবার থেকে দুর্গন্ধ আসে। ডাল ও তরকারিতে চুল বা মুরগির পালক পাওয়ার অভিযোগও করেছেন তারা। এছাড়া থালা-বাসন অপরিষ্কার থাকা এবং ডাইনিং এলাকায় বিড়ালের উপদ্রব রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মেডিকেল সেন্টারে চাপ বেড়ে যায়। চিকিৎসক ও সহকারীরা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন বলে জানা গেছে। কিছু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সে সময় উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ উঠেছে।
হলের প্রভোস্ট ড. আফরোজা খাতুন জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি সহকারী প্রভোস্টকে মেডিকেল সেন্টারে পাঠিয়েছেন। তিনি বলেন, বুধবার দুপুরে তিনি নিজেও ডাইনিংয়ে খাবার খেয়েছিলেন, তবে রাতের খাবারে কী সমস্যা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।