আব্দুল্যাহ আল জুবায়ের,ক্যাম্পাস প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ কেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় কেন্দ্রটির আওতাভুক্ত মোট ১০,১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকে ঘিরে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ ছাত্রদল, ছাত্রশিবির, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা, ছাত্র ইউনিয়ন, ছাত্রী সংস্থা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এসব হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, কক্ষ নম্বর, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী জানান, “কেন্দ্রের পরিবেশ অনেক ভালো ছিল। স্বেচ্ছাসেবকদের কারণে আমাদের আসন খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি।” অপর এক শিক্ষার্থী বলেন, “হেল্প ডেস্কগুলো আমাদের জন্য অনেক সহায়ক ছিল, বিশেষ করে যারা প্রথমবার এই কলেজে এসেছে তাদের জন্য।”
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সকাল থেকে আমাদের টিম কাজ করেছে যাতে কেউ কোনো সমস্যায় না পড়ে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অফ সাতক্ষীরার সদস্য সচিব আব্দুল্যাহ আল জুবায়ের বলেন, “আমরা সবসময় চেষ্টা করি জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। আজকের এই ভর্তি পরীক্ষায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা যেন কোনো ভোগান্তিতে না পড়ে, সেজন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করেছে। একজন শিক্ষার্থীও যেন দিকনির্দেশনার অভাবে বিপাকে না পড়ে, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা আজ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।”
সার্বিকভাবে বলা যায়, সুন্দর ব্যবস্থাপনা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ব্রজলাল কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন হয়েছে।