তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।
মানববন্ধনে জাককানইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ বলেন, পরিবর্তিত বাংলাদেশে যেখানে অগণিত মানুষ বাকস্বাধীনতা নিশ্চিত করতে শহীদ হয়েছেন, সেখানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বাকস্বাধীনতার ওপর হামলা মানেই গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি মূলত গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
জাককানইবি প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান তার বক্তব্যে বলেন, যেকোনো সংকটের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উন্মোচন করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের ওপর বারবার আঘাত আসছে। শাহবাগ থানার সামনে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও ঘোষণা দিয়ে হামলার ঘটনা মূলত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন,জাককানইবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারন সম্পাদক মোমিন ইসলাম, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতী,দূরবীন নিউজ-এর ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মাহমুদ এবং দ্য ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি রবিউল ইসলাম শাকিলসহ আরো সাংবাদিকবৃন্দ।