কুষ্টিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়া সরকারি কলেজে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই হট্টগোলের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কলেজের আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে মাঠে প্রবেশ করেন মুফতি আমির হামজা। এসময় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল ছাত্র তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা মাঠের ভেতরে বসে পড়ে খেলায় বাধা সৃষ্টি করলে অধ্যক্ষ এমপিকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। বিক্ষুব্ধ ছাত্ররা সেখানেও গিয়ে স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছেন। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এই দাবি অস্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান এবং দেখেন এমপি সেখানে অধ্যক্ষের সঙ্গে আলাপ করছেন। পরে ওসির উপস্থিতিতেই তিনি কলেজ এলাকা ত্যাগ করেন।
এই বিষয়ে কথা বলার জন্য সংসদ সদস্যের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। দীর্ঘ সময় ধরে চলা এই উত্তেজনার পর বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।