মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে নবীন শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করছে কলেজ শাখা ছাত্রদল। ভর্তি কার্যক্রমের তৃতীয় দিনেও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় ও নানা জটিলতা বিবেচনায় নিয়ে ছাত্রদলের উদ্যোগে এই হেল্প ডেস্ক চালু করা হয়। ডেস্ক থেকে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, ফরম পূরণে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন বিভাগে যাওয়ার পথনির্দেশ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নতুন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, ভর্তি কার্যক্রম চলাকালীন প্রতিদিনই এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
নবীন শিক্ষার্থীরা এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই জানান, হেল্প ডেস্ক থাকার কারণে ভর্তি প্রক্রিয়া সহজ হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে।
সংগঠনটির নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া যেন ঝামেলামুক্ত ও স্বাচ্ছন্দ্যময় হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।