ইবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫ তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শুক্রবার ( ১৫ মে ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামানসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান। পরবর্তীতে সেখানে শহিদ জিয়ার পরিবার, ভাষা শহিদ, শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়া বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল করা হয়।
দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২শে নভেম্বর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, বিভিন্ন সময়ে এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে বিচ্যুত ঘটনা হয়েছে। এখন থেকে এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া হবে।
তিনি আরও বলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে তিনি কবুল করেছেন। বর্তমান সরকার আমাকে এই পদে তাদের দৃষ্টিতে যোগ্য মনে করেছেন। আমি সেই দৃষ্টিকোণ থেকেই এই বিশ্ববিদ্যালয়ের গতিকে আরো সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করার চেষ্টা করব। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।