নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধার আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব আবেদন নিষ্পত্তি করতে এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন বলেও তিনি জানান।
রোববার সংসদে যশোর-৪ আসনের সদস্য মো. গোলাম রছুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
শিক্ষামন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত দিতে সরকার ও কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। এছাড়া জুন ও জুলাই ২০২৩ পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর নিষ্পত্তি ও অর্থ পরিশোধের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।