নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (২৮ জুন) জারি করা এক অফিস আদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলো খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আর যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ নেই, সেগুলোর তথ্য সরেজমিনে সংগ্রহ করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে হবে। পাশাপাশি নতুন বিদ্যালয় স্থাপনের আগে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব মাঠ না থাকলে আশপাশের বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন মাঠ ব্যবহারের জন্য সমঝোতা করার উদ্যোগ নিতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারি খালি জায়গা, মসজিদ-মন্দিরের মাঠ বা অন্য সরকারি সংস্থার মাঠও খেলাধুলার জন্য ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
যেসব বিদ্যালয়ে মাঠের ব্যবস্থা সম্ভব নয়, সেখানে দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর গেমসের সরঞ্জাম সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিদিন পাঠদান শেষে ও সাপ্তাহিক ছুটির দিনে বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।