ফাতেমা আক্তার তোয়া,ক্যাম্পাস প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা ৩০ জুন ২০২৬ তারিখে বিইউপি সিনেট হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
সভার শুরুতে উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান বিদায়ী সদস্যদের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। বক্তব্যে তিনি বলেন, বিইউপি তুলনামূলকভাবে একটি নবীন বিশ্ববিদ্যালয় হলেও এর শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা ধারাবাহিকভাবে উৎকর্ষতার পরিচয় দিয়ে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা নিয়মিত স্বীকৃতি অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, বিইউপি একাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দেয় এবং শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, চারিত্রিক দৃঢ়তা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে বাংলাদেশের জাতীয় দিবসসমূহের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চেয়ারম্যান আরও জানান, গবেষণার ফলাফল দেশ-বিদেশে ছড়িয়ে দিতে বিইউপি নিয়মিতভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাধিক গবেষণা জার্নাল প্রকাশ করে। এছাড়া চতুর্থ শিল্পবিপ্লব এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশের চাহিদা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিইউপি দ্রুত একটি বিশ্বস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সভায় জানানো হয় যে, বিইউপির পশ্চিম ক্যাম্পাসে ব্যাপক উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। সেখানে ১৪ তলাবিশিষ্ট তিনটি আধুনিক একাডেমিক ভবন (FASS, FST এবং ইউটিলিটি বিল্ডিং), শিক্ষার্থীদের জন্য দুটি পৃথক ১৪ তলাবিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।
বক্তব্যের শেষাংশে চেয়ারম্যান বলেন, বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক ও বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিইউপি তার আন্তর্জাতিকীকরণ কার্যক্রম আরও শক্তিশালী করে চলেছে।
এরপর বিইউপির কোষাধ্যক্ষ এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি(পি), ২০২৫–২০২৬ অর্থবছরের *১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা-এর সংশোধিত বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের *১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা-এর প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আলোচনা শেষে সিনেট সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বাজেট অনুমোদন করে।
এছাড়াও, সিনেট ১৮তম বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করে। সভা পরিচালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রব্বী আহসান, এনডিসি, পিএসসি।
১৮তম বার্ষিক সিনেট সভায় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।