নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এবার দেশের সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনার পাশাপাশি কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পরীক্ষা পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন, যা ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন এবং বরিশাল বোর্ডে সবচেয়ে কম ৫৮ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। নকলের অভিযোগে বিতর্কিত ভেন্যু কেন্দ্রগুলো বাতিল করা হলেও হাওর, পার্বত্য ও দুর্গম চরাঞ্চলের কিছু কেন্দ্র বিশেষ বিবেচনায় বহাল রেখে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানোর চেষ্টা করলে সংশোধিত ‘পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০’ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।