নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলমান এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কমাতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে চেয়ারসহ অপেক্ষমাণ শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
একই সঙ্গে কেন্দ্রের বাইরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থা করতে বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর অভিভাবকদের দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয়। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার ব্যবস্থা না থাকায় তাদের রোদ ও বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ছাড়া অনেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী দল না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রপ্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।