খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর পায়ে শিকল পেঁচিয়ে তার সঙ্গে একটি মুগুর ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে একটি মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, হাফেজি শিক্ষার জন্য ভর্তি করা ওই শিশুকে ব্যক্তিগত কাজ করানো, গরু-ছাগল চরানো এবং বিভিন্ন অজুহাতে মারধর করা হতো। সর্বশেষ তাকে একটি কক্ষে আটকে রেখে পায়ে শিকল পেঁচিয়ে অপর প্রান্তে একটি মুগুর ঝুলিয়ে নির্যাতন করা হয়। পরে এক ব্যক্তির সহায়তায় শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
এরপর শিশুটির মা আড়ংঘাটা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।