ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রাথমিক বিদ্যালয়ের পর এবার মাধ্যমিক পর্যায়েও শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে মিড ডে মিল ও স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে ৩ হাজার ৫০২ কোটি টাকা ব্যয়ে একটি স্কিম হাতে নেওয়া হয়েছে, যার আওতায় প্রথম ধাপে দেশের পিছিয়ে পড়া এক হাজার বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থী সুবিধা পাবে।
মাউশির তথ্য অনুযায়ী, ‘কমবাইন্ড স্টুডেন্টস ফ্যাসিলিটিস প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন’ শীর্ষক স্কিমের আওতায় শিক্ষার্থীদের দুপুরের খাবারের পাশাপাশি বছরে দুই সেট স্কুল ড্রেস, এক জোড়া জুতা-মোজা দেওয়া হবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক কমন রুম, স্বাস্থ্য উপকরণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
কর্মকর্তারা জানান, স্কিমটি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় বাস্তবায়ন করা হবে। আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এটি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। সরকারের নিজস্ব অর্থায়নে জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রতিজন শিক্ষার্থীর দুপুরের খাবারের জন্য প্রতিদিন ১২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া স্কুল ড্রেস, জুতা-মোজা, কমন রুম, স্বাস্থ্য উপকরণ এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার জন্যও পৃথক বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষাবিদরা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও তারা মানসম্মত খাবার নিশ্চিত করা, কার্যকর তদারকি এবং শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ এড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।