নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
এর আগে উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আকরামুজ্জামান এই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।