মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দক্ষিণ চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় আধুনিক ও যুগোপযোগী চিকিৎসাসেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে সেবার পরিধি সম্প্রসারণ করছে লোহাগাড়া মা’মনি হাসপাতাল লিমিটেড। উন্নত চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশের কারণে হাসপাতালটি ইতোমধ্যে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।
এ ধারাবাহিকতার অংশ হিসেবে এবার হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘মা-মনি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষ নিজ এলাকায় আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এতদিন ফিজিওথেরাপি চিকিৎসার জন্য দক্ষিণ চট্টগ্রামের রোগীদের চট্টগ্রাম নগরীতে যেতে হতো। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি যাতায়াত, আবাসন ও খাবারসহ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো। অধিকাংশ ক্ষেত্রে রোগীর সঙ্গে এক বা একাধিক স্বজনকে থাকতে হওয়ায় সেই ব্যয় আরও বেড়ে যেত। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক রোগী প্রয়োজনীয় ফিজিওথেরাপি গ্রহণ করতে না পেরে দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগেছেন।
নবপ্রতিষ্ঠিত ‘মা-মনি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’ চালুর ফলে এখন থেকে দক্ষিণ চট্টগ্রামের মানুষ নিজ এলাকাতেই দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উন্নতমানের ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা গ্রহণ করতে পারবেন। এতে যেমন রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, তেমনি চিকিৎসাসেবাও হবে আরও সহজলভ্য ও কার্যকর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবার নতুন নতুন বিভাগ চালুর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, লোহাগাড়ায় এমন একটি আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র চালু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের হাজারো রোগী উপকৃত হবেন এবং উন্নত চিকিৎসার জন্য নগরমুখী হওয়ার প্রবণতাও অনেকাংশে কমে আসবে।