রাবি প্রতিনিধি
রবিবার (১৯ জুলাই), রাত ৮টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘RU Connect’ নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও সুজন প্রধান। ‘বাটারফ্লাই ডেভস’-এর তৈরি এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই ও কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল সেবার আওতায় আসবেন।
অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, স্টুডেন্ট কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস এবং রাবি মেডিকেলের সেবাসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া ব্লাড ডোনার ডাটাবেজ, চাকরির বিজ্ঞপ্তি, ক্যারিয়ার তথ্য, রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি ও রাকসু সম্পর্কিত তথ্যসহ বিভিন্ন সেবা যুক্ত করা হয়েছে।
অ্যাপটির অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন সংগঠনকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা, যাতে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সেবাগুলো এক জায়গায় সহজেই পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, এই অ্যাপটি শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি কার্যকর তথ্যভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাপটি নিয়মিত নতুন ফিচার ও তথ্য সংযোজনের মাধ্যমে আরও সমৃদ্ধ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।