মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি
বুধবার (২২ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন ও শহীদ মিনার প্রাঙ্গণে টানানো শিক্ষার্থীদের ৩৭ দফা দাবি সম্বলিত ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
গত ২০২৫ সালের ২২ থেকে ২৫ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানে ৩৭ দফা দাবিতে আন্দোলন করেন। সে সময় কলেজ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে দীর্ঘ সময় পার হলেও দাবিসমূহের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা সম্প্রতি প্রশাসনিক ভবনের সামনে ব্যানারটি টানিয়ে দেন।
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার পর থেকে কলেজ কেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানাচ্ছেন। শিক্ষার্থীদের একটি বড় অংশ এই ঘটনার জন্য কলেজ প্রশাসনকে দায়ী করছেন। আবার অনেকের ধারণা, দাবি বাস্তবায়নে বাধা প্রদানকারী কোনো সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই ব্যানারটি ছিঁড়ে ফেলেছে।
শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবিগুলো প্রশাসন আমলে নিচ্ছে না। অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শাস্তির আওতায় আনা এবং ৩৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে কারমাইকেল কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।