আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি
বুধবার (২২ জুলাই ২০২৬), রাত ২টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের তথ্যমতে, গত ৪ দিন ধরে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিলেন।
সহপাঠীরা জানান, উচ্ছ্বাস গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় তারা খোঁজ নিতে শুরু করেন। পরে তার ভাড়া বাসায় গিয়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, ‘লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা প্রক্টরিয়াল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’