মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬), সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের উত্থাপিত ৩৭ দফা দাবি এক বছরেও বাস্তবায়ন না হওয়ায় আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন, কলেজ প্রশাসন দাবি মানার আশ্বাস দিলেও দীর্ঘ সময়েও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের ২২ থেকে ২৫ জুন টানা অবস্থান কর্মসূচির মাধ্যমে কলেজ প্রশাসনের কাছে ৩৭ দফা দাবি পেশ করা হয়। সে সময় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এক বছর পার হওয়ার পরও অধিকাংশ দাবি এখনো বাস্তবায়িত হয়নি।
প্রেস ব্রিফিংয়ে উচ্চমাধ্যমিক শাখার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, গত বছরের উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষায় ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৫ জন অকৃতকার্য হন। পরবর্তীতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় টেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এ জন্য কলেজ থেকে ৩টি বিষয়ে ১০০ টাকা এবং ৩টির বেশি বিষয়ে ১৫০ টাকা ফি নির্ধারণ করে অফিস নোটিশ জারি করা হলেও বাস্তবে অনেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের দাবি, মোট ৩৬৫ জন অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ২২৬ জনকে পরবর্তীতে উত্তীর্ণ দেখানো হয়। এ প্রক্রিয়ায় নির্ধারিত ফি ছাড়াও শিক্ষার্থীদের আর্থিক অবস্থার ভিত্তিতে অনেকের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার বা তারও বেশি অর্থ আদায় করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ কলেজ প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্বচ্ছতার অভাব ও প্রশাসনিক দুর্বলতা
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে আইসিটি, ম্যাগাজিন, দরিদ্র তহবিল ও খেলাধুলাসহ বিভিন্ন খাতে প্রতিবছর অর্থ আদায় করা হলেও সেসব অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করা হয় না। এছাড়া শিক্ষক সংকট, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও মাল্টিমিডিয়া সুবিধার অভাব, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত দুর্বলতা ৩৭ দফা দাবির অন্যতম বিষয়।
আগামী ২৮ জুলাই সকাল ১১টার মধ্যে ৩৭ দফা দাবি বাস্তবায়ন এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যথায়, ২০২৫ সালের ২২–২৫ জুনের মতো আবারও অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।