নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি গণমাধ্যমকে বলেন, ফল তৈরির কাজ পুরোদমে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
প্রচলিত বিধান অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেন।