নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান (মিনারেল কনসেন্ট্রেট) তৈরির নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গবেষকরা। এ উদ্ভাবনের জন্য তারা বাংলাদেশ সরকারের পেটেন্ট অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন তিন বছরের গবেষণার মাধ্যমে প্রযুক্তিটি উদ্ভাবন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ গবেষণা ২০২৫ সালের নভেম্বরে সফল হয়।
গবেষণায় দেখা গেছে, সাধারণ শুকনো কাঁঠালের বীজে থাকা খনিজ উপাদান নতুন প্রযুক্তির মাধ্যমে প্রায় ১৬ থেকে ১৭ গুণ ঘনীভূত করা সম্ভব হয়েছে। গবেষকদের মতে, এই মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করলে খাদ্যের পুষ্টিমান উল্লেখযোগ্যভাবে বাড়ানো যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নামে পুনর্গঠনের পর এটিই প্রথম পেটেন্টপ্রাপ্ত উদ্ভাবন। প্রধান গবেষক ড. মো. এমদাদুল হক বলেন, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য অপচয় ও পরিবেশ দূষণ কমবে, কাঁঠালভিত্তিক নতুন শিল্প গড়ে উঠবে এবং কৃষকরা তাদের উৎপাদিত কাঁঠালের ভালো মূল্য পেতে পারেন।